আগামী ৪ঠা সেপ্টেম্বর হতে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান নামছে যৌথ বাহিনী। এই অভিযানকে সামনে রেখে দেশের প্রতিটি জেলা উপজেলায় বৈধ অস্ত্রের মালিকদের আজকেরর মধ্যে তাদের অস্ত্র নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে নতুন করে মোট ৪২ আগ্নেয়াস্ত্র জমা পেয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এখনো জমা হয়নি ১৪ টি।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো উপজেলায় ৫৬টি বৈধ লাইসেন্সধারী অস্ত্র রয়েছে। এর মধ্যে ২০০৯ সালের পূর্বে ৬টি ও আদালতে ২টি অস্ত্র জমা রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ব্যাংকে রয়েছে আরো তিনটি লাইসেন্স প্রাপ্ত বৈধ অস্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পুরাতন জমাকৃত অস্ত্রের পাশাপাশি নতুন করে আরো ৪২টি আগ্নেয়াস্ত্র জৈন্তাপুর মডেল থানায় এসে জমা দিয়েছেন লাইসেন্সধারী মালিকরা।
তিনি বলেন, আজ অস্ত্র জমা দেয়ার শেষ দিনে বাকি অস্ত্র গুলো থানায় জমা প্রদান না করলে বৈধ অস্ত্র গুলো অবৈধ হিসেবে ধরা হবে এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, গত ৫ই আগষ্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ী থেকে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার ৪ঠা সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজকের সিলেট/ডি/এসটি
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








