সিলেটের প্রবীণ আলেম, কাওমি অঙ্গনের আপোসহীন ও নির্ভিক,সিপাহসালার সিলেট জেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট উপজেলার ১৩৫ বছরের গৌরব-ঐতিহ্যের স্মারক দ্বীনি বিদ্যাপীঠ "দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট" মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে শায়খের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শায়খের ছেলে, দক্ষিণ সুরমা থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান।
মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ, ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানী রহ. এর খলিফা। শায়খে চাক্তা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে নানা অসুস্থতায় ভুগছিলেন।
প্রবীণ এই আলেমের মৃত্যুর সংবাদে তার নিজ গ্রাম চাক্তায় অবস্থিত তার নিজ বাড়িতে স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ ছুটে যান এরপর শায়খের কফিন লাফনাউট মাদরাসায় নিয়ে যাওয়া হয়।
শায়খে চাক্তার পারিবারিক সূত্রে জানা যায়, শায়খের অসিয়ত অনুযায়ী তাঁকে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।
শায়খের নামাজে জানাজায় হাজার হাজার মুসল্লীদের সাথে অংশ নেন, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ ও বিশেষত জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটীসহ সিলেটের বরেণ্য উলামা মাশায়েখগণ।
আজকের সিলেট/ডি/এনই
শাহিদ হাতিমী 








