দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২১ AM

দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০৩:৫১:৪৭ AM

দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই


হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে, নির্ভর করছে গ্রামবাসীর সহায়তার ওপর।  

গত বুধবার সুলতানপুর গ্রামের রনু দেবের বাড়িতে গিয়ে দেখা যায়, একসময় যেখানে তাদের ঘর ছিল, এখন সেখানে পড়ে আছে পোড়া কাঠামোর চিহ্নমাত্র। আগুনে তাদের সমস্ত আসবাবপত্র, পোশাক, ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছাই হয়ে গেছে।  

রনু দেব জানান, গত রবিবার রাত ৩টার দিকে তার ছোট ছেলে অন্তরের চিৎকারে ঘুম ভেঙে যায়। উঠে দেখেন, মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা ছুটে এলেও আগুনের তীব্রতায় কেউ ঘরের কাছে যেতে পারেনি। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তার ধারণা, কেউ পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে।  

এই অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বর্তমানে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে এবং গ্রামবাসীর সাহায্যে কোনো রকমে দিন কাটাচ্ছে। এ ঘটনায় তিনি বুধবার মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর