শনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ PM

শনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৬:০৩:৪৭ PM

শনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা


হযরত শাহজালাল (রহ.)–এর মাজারের দানবাক্সের টাকা আবারও প্রকাশ্যে গণনা করা হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সম্প্রতি গঠিত উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে আগামী শনিবার এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হবে। এ কার্যক্রমের প্রস্তুতি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ নিয়ে ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে মাজারের দানের অর্থ গণনা করা হবে। এর আগে গত ২২ জুন প্রায় সাত শতকের প্রচলিত রীতি পরিবর্তন করে প্রথমবারের মতো সবার উপস্থিতিতে মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেক ও একটি দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে অর্থ সোনালী ব্যাংকে জেলা প্রশাসনের নামে খোলা একটি নির্ধারিত হিসাবে জমা রাখা হয়।

প্রকাশ্যে দানের অর্থ গণনার উদ্যোগের সূচনা হয় গত ১২ জুন। ওই দিন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের ঘোষণা দেন। পরে ১৮ জুন মাজারে চারটি নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং পুরোনো তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।

তবে এ উদ্যোগ ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এক পক্ষ এটিকে স্বচ্ছতা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও, অন্যরা প্রশাসনের সরাসরি সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন। এ আলোচনা চলাকালেই সরকার সারওয়ার আলমকে অন্যত্র বদলি করে। যদিও সংশ্লিষ্ট মন্ত্রীরা ওই বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেন।

পরবর্তীতে মাজারের অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২৬ জুন ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এ কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মাজারের মতোয়াল্লি পরিবার এবং মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিনিধিরা। জেলা প্রশাসক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শনিবার গণনা শেষে প্রাপ্ত অর্থ আগের মতোই সোনালী ব্যাংকের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর