কোম্পানীগঞ্জ সীমান্তে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে কোম্পানীগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকায় নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সদস্যরা তা প্রতিহত করেন।
বিজিবির ভাষ্য, অবৈধভাবে বাংলাদেশের ভেতরে লোকজন ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। এ কারণে সীমান্তে কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এর ফলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক বলেন, কালাইরাগ সীমান্তের শূন্যরেখা থেকে ২০–২৫ গজ ভেতরে বাংলাদেশের দিকে সাতজনকে এনে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সদস্যরা তা প্রতিহত করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
আজকের সিলেট/এপি









