পাথর উত্তোলনে ধ্বংস শাহ আরেফিন টিলা, কাউকে ছাড় দেয়া হবে না: ডিসি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ AM

পাথর উত্তোলনে ধ্বংস শাহ আরেফিন টিলা, কাউকে ছাড় দেয়া হবে না: ডিসি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৭:৪১:০৫ PM

পাথর উত্তোলনে ধ্বংস শাহ আরেফিন টিলা, কাউকে ছাড় দেয়া হবে না: ডিসি


কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। 

সোমবার দুপুরে তিনি আকস্মিকভাবে শাহ আরেফিন টিলা পরিদর্শনে করেন ও পুরো এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যারা শাহ আরেফিন টিলায় এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না— সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে দায়ীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসির পরিদর্শনের খবর পেয়ে আগেই পালিয়ে যায় পাথরখেকোরা। এসময় তাদের ফেলে যাওয়া বেশ কয়েকটি মেশিন স্থানীয় প্রশাসনের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।

পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানা ওসি ও বিজিবি সদস্যরা।

পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “এখান থেকে আর একটি পাথরও তুলতে দেয়া হবে না। যারা এই ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই অব্যবস্থার দায় নিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহ আরেফিন টিলার কোনো পাথর যদি কোনো স্টোন ক্রাশার বা বাজারে পাওয়া যায়, তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক নিশ্চিত করেন, অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে মামলা করা হবে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর