নিরাপদ যাতায়াত পরিষদের সিলেট জেলা কমিটির নতুন কমিটির অভিষেক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ AM

নিরাপদ যাতায়াত পরিষদের সিলেট জেলা কমিটির নতুন কমিটির অভিষেক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৩:৩৬:৩২ PM

নিরাপদ যাতায়াত পরিষদের সিলেট জেলা কমিটির নতুন কমিটির অভিষেক


নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ, সিলেট জেলা কমিটির ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মো. শামসুল ইসলাম।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ পিডিজি আতাউর রহমান পীর, লেখক, কলামিস্ট ও পরিবেশবিদ আফতাব চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মইন উদ্দিন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক সম্পাদক শিপলু রাহাত ও সাধারণ সম্পাদক গিয়াস সানি সম্পাদকীয় পাঠ করেন। পরে ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত সিলেট জেলা কমিটির সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. শামসুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে ঢাকা-সিলেট মহাসড়ক নিয়ে পরিষদের একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মুনতাহা রকিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী পরিষদের উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের সফলতা কামনা করেন। তিনি পরিষদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, নিরাপদ যাতায়াত মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা জরুরি।

তিনি বলেন, নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠায় চালক, যাত্রী, পথচারী, পরিবহন মালিক-শ্রমিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী)। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর