৭২–৯৬ ঘণ্টায় ভূমিকম্পের পূর্বাভাসের দাবি, যা বলছে আবহাওয়া অফিস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ PM

৭২–৯৬ ঘণ্টায় ভূমিকম্পের পূর্বাভাসের দাবি, যা বলছে আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৬:৩১:২১ PM

৭২–৯৬ ঘণ্টায় ভূমিকম্পের পূর্বাভাসের দাবি, যা বলছে আবহাওয়া অফিস


বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান অঞ্চলে আগামী ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পেজে নামহীন বা অজ্ঞাত ‘ভূমিকম্প বিশেষজ্ঞের’ বরাত দিয়ে এসব পোস্ট দেওয়া হচ্ছে। এতে অনেকের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

তবে নির্দিষ্ট সময়, স্থান ও মাত্রা উল্লেখ করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনো বিশ্বের কোথাও নেই বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

তিনি বলেন, ভূমিকম্পের ৭২ থেকে ৯৬ ঘণ্টা আগে নির্দিষ্ট তথ্য দেওয়ার মতো কোনো প্রযুক্তি এখনো পৃথিবীতে আসেনি। ফেসবুকে আবহাওয়া বা ভূমিকম্প নিয়ে বিভিন্ন পেজ খোলা হলেও সেসব পেজের অ্যাডমিনরা এমন তথ্য কীভাবে জানতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘এরকম কোনো প্রযুক্তি এখনো পৃথিবীতে আসেনি, যে প্রযুক্তির মাধ্যমে আগাম ভূমিকম্পের তথ্য দিয়ে দেওয়া সম্ভব। এখন ফেসবুকে মানুষ কত কিছুই শেয়ার করে। আমরা পড়াশোনা করে আবহাওয়া অফিসে চাকরি করছি, আমরাই জানি না কিন্তু ফেসবুকে আবহাওয়া, ভূমিকম্প নাম দিয়ে খুলে ফেলা পেজের অ্যাডমিনরা সেটা জানে। তারা নেগেটিভ মার্কেটিং করে।’

তিনি আরও বলেন, ‘এখনো এমন কোনো বস্তু বা তথ্যপ্রযুক্তি আসেনি, যে আগাম ভূমিকম্পের ৭২ থেকে ৯৬ ঘণ্টার তথ্য দিয়ে দিতে পারবে। যদি তাদের পেজের বার্তাগুলো সঠিক হয়, তাহলে অবশ্যই আমরা নিজেরাই সরকারকে অনুরোধ করব তাদের সঙ্গে মিলেমিশে আগামীতে কাজ করার।’

ভূমিকম্পের ক্ষেত্রে কখন, কোথায় এবং কত মাত্রার কম্পন হবে এই তিনটি বিষয় নির্দিষ্ট করে নির্ভরযোগ্যভাবে আগাম জানানোর পদ্ধতি এখনো বিজ্ঞানীদের হাতে নেই। তবে কোনো নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘমেয়াদে ভূমিকম্পের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করা সম্ভব।

এ কারণে ফেসবুকে ‘আগামী ৭২ ঘণ্টায় ভূমিকম্প’ কিংবা ‘৯৬ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প’ এ ধরনের পোস্ট দেখে আতঙ্কিত না হয়ে তথ্যের উৎস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। যাচাই না করে এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর