নগরীতে ফুটপাত দখলদার হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৯ AM

নগরীতে ফুটপাত দখলদার হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৭:০১:০৯ PM

নগরীতে ফুটপাত দখলদার হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

ফাইল ছবি


নগরীর ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। নগরীর সুরমা পয়েন্ট, কোর্টপয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা ভ্যানগাড়ি, মালামাল ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা জানান, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই নগরীর ফুটপাতে কোনো হকার কিংবা ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না।

২০২৪ সালের ১০ মার্চ সিলেটে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। নগরীর লালদীঘিরপাড় এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য অস্থায়ী মার্কেট নির্মাণ করে হকারদের ব্যবসার জায়গা করে দেওয়া হয়। মাটি ভরাট, ইটের সলিং, বৈদ্যুতিক বাতির ব্যবস্থাসহ সব কাজ শেষে আনুষ্ঠানিকভাবে স্থানটি উন্মুক্ত করা হয়।

তবে পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় হকাররা আবার রাস্তায় বেপরোয়া হয়ে ওঠেন ও নিয়মিত রাস্তায় ব্যবসা শুরু করেন। সম্প্রতি সিলেটে নতুন জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের যোগদানের পর আবার হকার উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্ধারিত জায়গা করে দেওয়ার পরও হকাররা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর