সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ফতেহপুর গ্রামের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার মো. জমির আলী। ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিবর্তিত প্রগতিশীল উন্নয়ন’ স্লোগান সামনে রেখে সংগঠনের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
‘ওয়েছ-তোফায়েল-নজরুল পরিষদ’-এর ব্যানারে নির্বাচনে অংশ নেওয়া জমির আলী ‘আনারস’ প্রতীকে ভোট চাইছেন। ইতোমধ্যে তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নিজের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি ভোট, দোয়া ও সমর্থন কামনা করছেন।
দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন জমির আলী। বর্তমানে তিনি কাইজেন মেটাল ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেডের সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বৃহত্তর সিলেট কল্যাণ সমিতি, সাতারস্থ-এর সভাপতি এবং ‘এসো ওদের পাশে দাঁড়াই’, ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন ও সিলেট কেয়ারব্রিজ অর্গানাইজেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত জমির আলী। তিনি প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলাদেশ গ্রিন বিল্ডিং কাউন্সিলের সদস্য। বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রামের জালালাবাদ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, কাপ্তাইয়ের চৌধুরীছড়া যুব সংঘের সাধারণ সম্পাদক এবং কুয়েতের সোনারবাংলা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মাসিক ম্যাগাজিন ‘অমৃতে অরুচি’-এর সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি।
সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গঠিত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কর্মকাণ্ডে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই পদে নির্বাচিত হলে সংগঠনের প্রকাশনা কার্যক্রমকে আরও আধুনিক ও সুসংগঠিত করার পাশাপাশি লেখক ও সাহিত্যপ্রেমীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন জমির আলী।
তিনি বলেন, “সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে সিলেট বিভাগের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরার ব্যাপক সুযোগ রয়েছে। নির্বাচিত হলে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করব।”
জমির আলীর পরিকল্পনায় শুধু প্রকাশনা কার্যক্রম নয়, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদকে আরও কার্যকর ও সুসংগঠিত করার বিষয়টিও রয়েছে। তিনি বলেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনটিকে একটি আদর্শ, কার্যকর ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন সামনে রেখে সংগঠনের প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিচিতি, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় জমির আলীও সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া, ভোট, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
জানা গেছে, আগামী ২ অক্টোবর, শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








