রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০১:২৬:২৯ অপরাহ্ন

স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু


সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছ থেকে মদিনা মার্কেট এলাকার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেলে করে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন সাদমান। পথে একটি স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডা ধাক্কা লাগে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাদমানের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের মুঠোফোনে খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজাহিদুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্পিডব্রেকারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

ওসি আরও বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, সাদমানের মৃত্যুতে শাবিপ্রবি পরিবার শোকাহত। তাঁর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী গাড়িতে করে মরদেহের সঙ্গে রওনা হয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর