জৈন্তাপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নজর, প্রতিটি মণ্ডপে পুলিশের টিম
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ PM

জৈন্তাপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নজর, প্রতিটি মণ্ডপে পুলিশের টিম

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০২:০০:০৫ PM

জৈন্তাপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নজর, প্রতিটি মণ্ডপে পুলিশের টিম


আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে জৈন্তাপুরের ২১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রতিটি মণ্ডপে পুলিশের প্রতিনিধি দল দায়িত্ব পালনের পাশাপাশি ছয় ইউনিয়নের সব মণ্ডপে প্রতিদিন বিশেষ টিমের টহল থাকবে বলে জানিয়েছে জৈন্তাপুর মডেল থানা। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় জৈন্তাপুর মডেল থানার হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর।

সভায় জানানো হয়, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নের ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব, যা ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় তাঁদের বিভিন্ন প্রস্তুতি, নিরাপত্তা এবং প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। কয়েকটি মণ্ডপে অচল সিসি ক্যামেরা দ্রুত সচল করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন ক্যামেরা স্থাপনের দাবি জানান তাঁরা। পাশাপাশি পূজার পুরো সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও নিয়মিত নজরদারি নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় জৈন্তাপুরে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের একটি প্রতিনিধি দল দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ছয় ইউনিয়নের সব মণ্ডপে প্রতিদিন পুলিশের বিশেষ টিম নিয়মিত টহল দেবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পক্ষ থেকে একটি রেজিস্টার রাখা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মণ্ডপ পরিদর্শনের সময় সেখানে স্বাক্ষর করবেন।

কোনো সমস্যা বা সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে ওসি বলেন, পূজামণ্ডপগুলোর জন্য হটলাইন নম্বর দেওয়া হবে। হটলাইনে যোগাযোগ সম্ভব না হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেন তিনি।

মহাসড়কের পাশে থাকা মণ্ডপগুলোর আশপাশে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান ওসি। সীমান্তবর্তী মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকদের বাড়তি নজরদারি রাখার পাশাপাশি প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়।

পূজামণ্ডপের আশপাশে অস্থায়ী দোকানপাটের কারণে দর্শনার্থীদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সেদিকেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পরিমিত বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি প্রয়োজন হলে আলোকসজ্জার জন্য পৃথক জেনারেটর ব্যবহারের কথাও বলা হয়।

প্রতিমা স্থাপনের আগে সংশ্লিষ্ট মণ্ডপ কর্তৃপক্ষকে পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশি নিরাপত্তায় প্রতিমা মণ্ডপে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান ওসি। বিসর্জন পর্যন্ত পুলিশ মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ ছাড়া প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে সদস্যদের তালিকা থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। আজান ও নামাজের সময় সীমিত সময়ের জন্য মাইক, বাদ্যযন্ত্র ও ঢাক-ঢোল বন্ধ রাখার আহ্বান জানানো হয়। অচল সিসি ক্যামেরা দ্রুত সচল করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন ক্যামেরা স্থাপনের বিষয়েও পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা পূজা চলাকালে সার্বক্ষণিক তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ পূজামণ্ডপে আমন্ত্রণ জানান।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার দুলাল চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা সভাপতি নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব, জৈন্তাপুর উপজেলা কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক প্রদীপ কুমার শর্মা, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতী বিশ্বাস, শঙ্কর কৃষ্ণ দাস, পূজা পরিষদের সহসভাপতি নান্টু ধর, ধীরেন্দ্র দেবনাথ, নিরদ দাস, চৈতন্য বিশ্বাস, গণসংযোগ সম্পাদক রাজেশ দাশ, প্রচার সম্পাদক নিত্যলাল বিশ্বাস, ভক্ত চন্দ্র দাস, ইন্দ্রজিত বিশ্বাস, যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ দাস, সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাস, প্রচার সম্পাদক কিরণ বিশ্বাসসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর