গোয়াইনঘাট উপজেলায় সবজি বাগানে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন এক কৃষক পরিবার।
উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকার কৃষক তৈয়বুর রহমানের টমেটো ও কাঁচা মরিচের ক্ষেতে বিষ প্রয়োগে সম্পূর্ণ সবজি বাগান নষ্ট হয়ে গেছে। এতে তার অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, ক্ষেতজুড়ে সারি সারি টমেটো গাছের পাতা ঝলসে লালচে হয়ে গেছে। জমির পাশে মাথায় হাত দিয়ে অসহায়ের মতো বসে আছেন কৃষক তৈয়বুর রহমান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
ভুক্তভোগী কৃষক জানান, তার জমিতে টমেটো ও কাঁচা মরিচের ফসল প্রায় উঠতি পর্যায়ে ছিল। কয়েকদিনের মধ্যেই অন্তত এক লাখ টাকার টমেটো বিক্রির আশা ছিল। অথচ এখন সব শেষ। এ ক্ষেত করতে ইতোমধ্যে ৪০ থেকে ৫০ হাজার টাকার বেশি খরচ হয়েছে, যার বেশিরভাগই স্থানীয়ভাবে ধার করা টাকা। এখন তিনি চরম অনিশ্চয়তায় ভুগছেন।কিভাবে ঋণ পরিশোধ করবেন এবং সংসার চালাবেন তা নিয়েও দিশেহারা।
তিনি আরও বলেন, “কারও সঙ্গে আমার শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলত। কিন্তু কেন আমার ক্ষেতের ওপর এমন নির্মম আঘাত করলো।
কৃষক তৈয়বুর রহমান ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কৃষক তৈয়বুর রহমান টেকনাগুল এলাকার রুপ মিয়ার ছেলে সাধু মিয়া (৪৫) ও ইসমাইল আলীর ছেলে বিলাল আহমদ (৩৫) এবং মিলন মিয়ার স্ত্রী মইরম বেগম (২৮),কে বিবাদী করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা খছরুল ইসলাম বলেন, “বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। ফসল একজন কৃষকের সন্তানের মতো। এমন ঘটনায় কৃষকরা মানসিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হন।
সাবেক মেম্বার নুরুল আমিন বলেন,ব্যক্তির সাথে শত্রুতা থাকতে পারে তবে ফসলের সাথে এমন আচরণ নিন্দনীয়।এইরকম চলতে থাকলে কৃষকরা কৃষিতে আগ্রহ হারাবে। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা ফারুক বলেন,আমি বর্তমানে সিলেটে রয়েছি থানায় গিয়ে বিষয়টি দেখবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী দুঃখ প্রকাশ করে বলেন,কৃষকের ফসল নষ্ট করা ঘৃণিত ও নিন্দনীয় কাজ। আমি অফিসার ইনচার্জ কে বলবো অভিযোগটি গুরুত্ব সহকারে দেখে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে।
আজকের সিলেট/এএসআর
গোয়াইনঘাট প্রতিনিধি 








