হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শুক্রবার রাতের এ ঘটনায় আরও দুটি ঘরে ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বেলাল জানান, রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয় রাজিব মিয়া নামে এক ব্যক্তির রান্না ঘর থেকে। রান্না করার সময় আগুন ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ১৩টি ঘর এবং দুটি ঘর রক্ষা করতে গিয়ে ব্যাপক ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, প্রতিটি পরিবার অত্যন্ত দরিদ্র, দিনমজুরির সংসার চালায়। আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় তারা শীতের মধ্যে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন।
আজকের সিলেট/ডি/এসটি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








