সুনামগঞ্জের ছাতকে গরু চুরির অভিযোগে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের দোলন মিয়ার বাড়িতে গরু চুরির সময় মঈনপুর গ্রামের পশ্চিমপাড়ার সাইফুর রহমান হৃদয়কে (২৫) আটক করে স্থানীয়রা। পরে আটককৃতের সঙ্গে আর কে আছে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চুরির সঙ্গে দক্ষিণ কুর্শি গ্রামের আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়াসহ ৪ জন ছিলেন।
বুধবার দুপুরে উপজেলার কুর্শি বাজারে স্থানীয়রা এক সভা করে আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
ছাতকের জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহমান বলেন, গরু চুরির সময় স্থানীয় লোকজন মঈনপুরের হৃদয়কে আটক করেন। তাকে জিজ্ঞেস করে জানতে পারেন ওই চুরির সঙ্গে আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়াসহ ৪ জন চুরির সঙ্গে জড়িত। পরে এলাকার উত্তেজিত জনতা তাদের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। অভিযুক্ত আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








