সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪১ PM

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৩:৫৬:১৬ PM

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু


সিলেটে হামে আক্রান্ত হয়ে মুনজেরিন (৫ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু।

সিলেট বিভাগের জেলা অনুযায়ী মৃতদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং হবিগঞ্জে ৬ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৬ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৩ জন ভর্তি।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী হামে শনাক্ত হয়নি। তবে একই সময়ে উপসর্গ নিয়ে ৬৬ জন নতুন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৫৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ১৪৪ জন, সিলেটে ৭৬ জন, হবিগঞ্জে ২৫ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ সুবিধা বাড়ানোর প্রস্তুতি রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর