দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নয়, হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম: আমিনুল হক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ AM

দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নয়, হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৭:৩৬:৫৮ PM

দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নয়, হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম: আমিনুল হক

ছবি : মো. সোহেল মিয়া


দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্য তিনটি জায়গা পরিদর্শন করা হয়েছে। এসব জায়গার মধ্য থেকে একটি চূড়ান্ত করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে দেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে ২০১ উপজেলার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিছু চলমান রয়েছে এবং কিছু প্রকল্প জমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর সেসব প্রকল্পের কাজ শুরু হবে।

দক্ষিণ সুরমার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাই এখানে তিনটি জায়গা পরিদর্শন করেছি। তিনটি থেকে যেকোনো একটিকে বাছাই করে আমরা এখানে একটি পরিপূর্ণ স্টেডিয়াম করতে চাই। মিনি স্টেডিয়াম না, দক্ষিণ সুরমাতে একটি পরিপূর্ণ ফুলফ্লেজেড একটি স্টেডিয়াম করব। সেইভাবে আমরা কল্পনা করছি।’


তিনি আরও বলেন, তিনটি জায়গা পরিদর্শনের পর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এমন একটি স্থান নির্বাচন করা হবে, যা এলাকার সাধারণ মানুষের জন্য সবচেয়ে উপযোগী। সেখানে দর্শকরা যাতে মাঠে এসে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেন, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করা হবে।

স্টেডিয়াম নির্মাণে ব্যয় কমানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে খাস জায়গা পাওয়া যাবে, সেখানে নির্মাণের চেষ্টা করা হবে। কারণ প্রকল্পটিতে ব্যয়ের একটি বড় হিসাব রয়েছে। সরকারের অতিরিক্ত ব্যয় যাতে না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে খাস জমির সঙ্গে অল্প কিছু জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আমিনুল হক বলেন, একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গা প্রয়োজন হবে। দ্রুত ডিপিভিপি তৈরি করে দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর