বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সিলেটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করল জেলা মুক্তিযোদ্ধা দল

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৮:২৪:৩৮ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান


সিলেটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে তারা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল একটি স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। সেই চেতনাকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এ উৎসব দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এটাই তাঁদের প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের চৈতালি সংঘের সভাপতি অ্যাডভোকেট অশেস কর, ১১ নম্বর ওয়ার্ডের তিন মন্দিরের সভাপতি মিন্টু ঘোষ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব, সহ-সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম লিটন, এম আমির উদ্দিন পাভেল, রোটারিয়ান এম এ রহীম, শেখ মো. ফারুক উদ্দিন ও নূরুল হুদা চৌধুরী মিছতা, যুগ্ম সম্পাদক শেখ খালিদুর রহমান সাইদ, মৎস্য ও পশুসম্পদবিষয়ক সম্পাদক মো. নাজিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর