কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন, দুই নারীসহ আটক ৩
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫১ PM

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন, দুই নারীসহ আটক ৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ১০:১৫:৪২ AM

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন, দুই নারীসহ আটক ৩


মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর দুই নারীসহ তিনজনকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন। শনিবার (২৯ আগস্ট) উপজেলার দেবলছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন, নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তার স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।

স্থানীয় ও আনসার সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন কমলগঞ্জ উপজেলার দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকালে বিএসএফ ওই তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে আলীনগর ইউনিয়নের বকসি টিলা এলাকায় তাদের দেখতে পেয়ে স্থানীয়রা ঘিরে রাখেন।

খবর পেয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করেন। পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরে তিনজনকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাজের তাগিদে কয়েক মাস আগে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর