সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান ইসলাম নামে ১১ মাস ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিয়ান জকিগঞ্জের আলমনগর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
তবে একই সময়ে বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪১ জন। এতে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৬ জন। রবিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেটে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৬৩ জন। এ ছাড়া হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
আজকের সিলেট/ জেকেএস









