সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসএমপির এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ৩৮ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানের সময় পুলিশের সদস্যরা ১৫ পিস ইয়াবা ও ৬ হাজার ৫৭৬ পিস ভারতীয় চকলেট উদ্ধার করেন।
অন্যদিকে, সিলেট মহানগর ট্রাফিক বিভাগও দিনব্যাপী পৃথক অভিযান চালায়। এ অভিযানে মোট ১৭৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৯৪টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসএমপি।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








