সিলেটে পরিত্যক্ত পিকআপ থেকে ১,৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ PM

সিলেটে পরিত্যক্ত পিকআপ থেকে ১,৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৩:৩৮:২৭ PM

সিলেটে পরিত্যক্ত পিকআপ থেকে ১,৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার


সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়েছে। এ সময় চা-পাতা বহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন ডিআই পিকআপও জব্দ করা হয়। উদ্ধার করা চা-পাতার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজারস্থ সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সেখানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি নম্বরবিহীন ডিআই পিকআপ পুলিশের সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিকআপটির পেছনে ধাওয়া করলে চালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা গাড়িটি রেখে পালিয়ে যায়।

পিকআপটি এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার ফতেগড় সাকিনস্থ ডাক্তার লিয়াকত আলীর বাসার সামনে সাহেবের বাজার থেকে ধোপাগুলগামী পাকা সড়কের ওপর রেখে পালিয়ে যায় তারা।

পরে পরিত্যক্ত পিকআপটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে পুলিশ। জব্দ করা চা-পাতার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় The Special Powers Act, 1974-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর