তিন মাসে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ PM

তিন মাসে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৫:১৫:৫৭ PM

তিন মাসে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী


আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার ডাক্তারসহ বিভিন্ন পদে মোট ৪৩ হাজার ৩৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ৮০ শতাংশ নারীকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মিডওয়াইফ ও কেয়ারগিভিং-সংশ্লিষ্ট জনবল নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন ডাক্তার বা নার্স রয়েছেন। সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা দিন-রাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই সংকট দূর করতে সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, বিগত সময়ের অনিয়ম দূর করে জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ভুলভ্রান্তি বা সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। ড্রেনেজ সিস্টেমের কাজ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমও শুরু হবে। এসব সমস্যা সাত দিনের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত অন্যান্য সরকারি হাসপাতালগুলোর কাজ দ্রুত শেষ করে শিগগিরই চালুর বিষয়েও স্পষ্ট ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সেবার মান বাড়ানো এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় স্থানীয় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর