ওটিটিতে অভিষেকের আগেই পরিণীতির জীবনে এলো বিশেষ চমক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

ওটিটিতে অভিষেকের আগেই পরিণীতির জীবনে এলো বিশেষ চমক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ১০:৪৮:০৫ AM

ওটিটিতে অভিষেকের আগেই পরিণীতির জীবনে এলো বিশেষ চমক


বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ ওয়েব সিরিজের মাধ্যমে। নেটফ্লিক্সের এই সিরিজটি অবশ্য তাঁর ক্যারিয়ারের নতুন অধ্যায়ের পাশাপাশি ব্যক্তিজীবনেরও একটি বিশেষ স্মৃতি হয়ে থাকছে। কারণ, সিরিজটির শুটিং শুরুর পরই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

অর্থাৎ অনাগত সন্তানকে সঙ্গে নিয়েই ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর শুটিং করেছেন পরিণীতি। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

বর্তমানে রাঘব চাড্ডা ও পরিণীতির ছেলে নীরের বয়স প্রায় ১০ মাস। পরিণীতির কাছে তাই সিরিজটি শুধু তাঁর নিজের কাজ নয়, ছেলে নীরের জন্যও বিশেষ। মায়ের সঙ্গে এক অর্থে এই সিরিজের মাধ্যমেই নীরেরও অভিনয়ে হাতেখড়ি হয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

আবেগমিশ্রিত কণ্ঠে পরিণীতি বলেন, ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ তাঁর পাশাপাশি ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। সে কারণেই সিরিজটি তাঁর কাছে সবসময় আলাদা গুরুত্ব বহন করবে।

তবে শুটিংয়ের সময় নিজের ব্যক্তিগত বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি অভিনেত্রী। পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং চলার সময় নির্মাতাদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানান।

এরপর পরিণীতির শারীরিক স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে শুটিংয়ের পরিকল্পনাতেও কিছু পরিবর্তন আনা হয়। এমন কয়েকটি বাংলো ও দূরবর্তী লোকেশনে কাজ হয়েছিল, যেখানে প্রতিদিন যাতায়াত করা ছিল বেশ কঠিন।

পরিণীতির জন্য তাই শুটিং সেটের কাছাকাছি থাকার ব্যবস্থা করা হয়েছিল। ফলে প্রতিদিন প্রায় এক ঘণ্টা আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে লোকেশনে যেতে হয়নি তাঁকে। সেটে পৌঁছে কাজ শেষ করার পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগও পেয়েছেন অভিনেত্রী।

অ্যাকশন দৃশ্যগুলোর ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হয়েছিল। তবে এসব পরিবর্তনের মধ্যেও গল্পের সৃজনশীল দিক যেন অক্ষুণ্ণ থাকে, সেদিকে নজর রাখা হয়েছিল বলে জানান পরিণীতি।

সেই সময়ে পুরো টিমের সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। পরিণীতির ভাষ্য অনুযায়ী, অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর সবাই তাঁকে পরম যত্নে আগলে রেখেছিলেন।

স্বামী রাঘব চাড্ডাও খবর পাওয়ার পর শুটিং লোকেশনে ছুটে এসেছিলেন। পাশাপাশি পাশে ছিলেন পরিণীতির মা, শাশুড়ি ও ভাই। বিষয়টি নিয়ে মজাও করেছেন অভিনেত্রী। তাঁর ভাষায়, সবাই হয়তো ভাবছিলেন, ‘পরিণীতির পুরো পরিবার শুটিংয়ে চলে আসে?’

সব মিলিয়ে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ পরিণীতি চোপড়ার জন্য শুধু ওটিটিতে অভিষেকের কাজ নয়। এই সিরিজের শুটিংয়ের সময়ই তিনি মাতৃত্বের নতুন অধ্যায়ে প্রবেশ করেছিলেন। ফলে পেশাগত জীবনের নতুন যাত্রার পাশাপাশি ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ এক স্মৃতিও হয়ে থাকছে এই সিরিজ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর