সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ PM

সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৭:১৭:৪৯ PM

সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪


সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। বুধবার বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও নয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।

এদিকে, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে দুজন এবং সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে তিনজন ভর্তি আছেন।

এ ছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর