বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩৫
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ PM

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩৫

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০২:৪০:০৮ PM

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩৫


সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেলে বুরকি বাজারে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার বুরকি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় বাজারের দোকানপাটও বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লামাকাজী ইউনিয়নের বুরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। ইউপি চেয়ারম্যান ধলা মিয়ার অবস্থান ছিল বুরকি গ্রামের পক্ষে।

এরই মধ্যে রোববার বিকেলে ধলা মিয়া ইশবপুরের হাজী সফির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের জায়গা মাপতে যান। জানা গেছে, প্রতিষ্ঠানটি তার চাচার নামে। জায়গা মাপাকে কেন্দ্র করে সেখানে ইশবপুরের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশবপুর গ্রামের লোকজন তার ওপর হামলা করেন বলে স্থানীয় সূত্রের দাবি।

চেয়ারম্যানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার পক্ষ নিয়ে বুরকি গ্রামের লোকজন বুরকি বাজারে অবস্থান নেন। পরে ইশবপুর গ্রামের লোকজনও সেখানে জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হন।

বুরকি গ্রামের পক্ষে আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া ছাড়াও রয়েছেন আব্দুল হাই, রাজ্জাক আলী, কবির উদ্দিন, আব্দুন নুর, মাসুক মিয়া, সফিক আলী, তাহির আলী, বশর উদ্দিন প্রমুখ। অন্যদিকে ইশবপুরের পক্ষে আহতদের মধ্যে রয়েছেন তাজ মিয়া, জনি মিয়া, জামিল মিয়া, কয়সর আলী, সানুর আলী, পারভেজ আহমদ, সঞ্জয়, রফিক আলী ও তাজ উদ্দিন প্রমুখ।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্বনাথ থানার পরিদর্শক মোহাম্মদ সুজন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। অনেকেই আহত হন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর