সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন, ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষকরা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ PM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন, ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০২:৫৪:৫১ PM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন, ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষকরা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও একই বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের মধ্যে টানা ২৪ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ রয়েছেন কলেজের অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ও ৬ কর্মকর্তা-কর্মচারী। অবরুদ্ধদের জানালা দিয়ে খাবার সরবরাহ করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে আন্দোলন শুরুর পর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে ভবনের ভেতরে থাকা অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। সোমবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন।

বিষয়টি নিশ্চিত করেছেন অবরুদ্ধ অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, টানা ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ। কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সোমবার দুপুর ১১টার দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের স্লোগানে ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। এ সময় ‘এক দুই তিন চার, কারিগরি আমায় ছাড়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কারিগরির দালালরা, হুঁশিয়ার সাবধান’ এ ধরনের স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরতদের।

২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, পুরকৌশল এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ রয়েছে। এসব বিভাগের পাঁচটি ব্যাচে প্রায় একখানেক শিক্ষার্থী রয়েছেন। তাদের প্রায় সবাই বর্তমানে আন্দোলনে অংশ নিচ্ছেন।

কলেজটির একাডেমিক কার্যক্রম বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন। অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে। শিক্ষার্থীদের দাবি, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও শতভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার কারণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আন্দোলন করলেও কলেজটিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর