উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ PM

শাল্লার সীমান্ত তালুকদার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০১:৪৪:১৩ PM

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি


সুনামগঞ্জের শাল্লা উপজেলার সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হয়েছেন। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ধারাবাহিকভাবে এ দুটি স্বীকৃতি পাওয়ায় শাল্লার শিক্ষা অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সুনামগঞ্জের ২১ সেপ্টেম্বর এক চিঠিতে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সীমান্ত তালুকদারের মনোনয়নের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসক, সুনামগঞ্জের সঙ্গে পরামর্শক্রমে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে জেলা পর্যায়ে ৩৩ জন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত শিক্ষকদের তালিকায় সীমান্ত তালুকদার, সহকারী শিক্ষক, কর্মস্থল শান্তিপুর ইসলামিয়া মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাল্লা, সুনামগঞ্জ-এর নাম রয়েছে।

এর আগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে তিনি শিক্ষকতা ক্ষেত্রে তাঁর দক্ষতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি অর্জন করেন। এবার জেলা পর্যায়েও ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হওয়ায় তাঁর অর্জনের তালিকায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস স্বাক্ষরিত চিঠিতে মনোনীত ৩৩ জন শিক্ষকের পূর্ণাঙ্গ তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।

সীমান্ত তালুকদারের জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মনোনীত হওয়ার খবরে শাল্লার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে তাঁর এই মনোনয়ন শাল্লার শিক্ষা অঙ্গনের জন্যও একটি সম্মানের বিষয়। গুনী শিক্ষক সীমান্ত তালুকদার বলেন, আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে আমি শাল্লা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলাম। আর এখন জেলা পর্যায়ে গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছি—এটি আমার জন্য নিঃসন্দেহে এক বড় আশীর্বাদ ও আনন্দের বিষয়। আমি বিশ্বাস করি, স্বীকৃতি কেবল একটি সম্মাননা নয়; এটি একজন মানুষকে আরও ভালোভাবে কাজ করার, আরও দায়িত্বশীল হওয়ার এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার অনুপ্রেরণা দেয়। এই পথচলায় যাঁরা আমাকে সবসময় উৎসাহ, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।এই সম্মাননা আমার একার নয়। এর সঙ্গে আমার পরিবারের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা এবং শাল্লাবাসীর অকুণ্ঠ সমর্থন জড়িয়ে আছে। তাই এই সম্মাননা আমি আমার পরিবার এবং প্রিয় শাল্লাবাসীর প্রতি উৎসর্গ করছি। সবশেষে সবার কাছে আমার একটাই অনুরোধ আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন ভবিষ্যতেও নিষ্ঠা ও সততার সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যেতে পারি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর