পাহাড়ি টিলা আর ঘন সবুজ বনের বুক চিরে চলে গেছে সিলেট-আখাউড়া রেলপথ। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া এই রেলপথের প্রাকৃতিক সৌন্দর্য একসময় যাত্রীদের মুগ্ধ করলেও এখন সেখানে বাড়ছে ভোগান্তি ও নিরাপত্তার শঙ্কা। কোথাও রেললাইনের নাট-বল্টু নেই, কোথাও স্লিপারের হুক খোলা, আবার কোথাও পাথরের পরিবর্তে রয়েছে নামমাত্র বালু। কয়েকটি স্থানে রেললাইন ঝুলে থাকার মতো অবস্থাও দেখা গেছে। এর সঙ্গে পুরোনো ইঞ্জিনের দুর্বলতা যুক্ত হয়ে বারবার মাঝপথে থেমে যাচ্ছে ট্রেন।
সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, চলতি বছরে লাউয়াছড়া বনের ভেতরে অন্তত ২০ বার ট্রেনের ইঞ্জিন বিকল ও বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বনের নির্জন এলাকায় আটকা পড়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে যাত্রীদের।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেট রুটে প্রতিদিন পারাবত, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, উপবন ও কালনী এক্সপ্রেস চলাচল করে। এই ছয়টি আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার যাত্রী যাতায়াত করেন। তাঁদের চলাচলের পথে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে লাউয়াছড়া বনের ভেতরের প্রায় আট কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রেলপথ।
জানা যায়, ১৮৯৮ সালে আসাম ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে রেলপথটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশের অবস্থা ক্রমেই নাজুক হয়েছে। ১৯৯৭ সালে কমলগঞ্জের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে সাময়িক মেরামত করা হয়েছিল। এরপর দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় রেললাইনটির অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া অংশ সরেজমিনে পরিদর্শন করে রেলপথের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। রেললাইনের পাতের জোড়ায় চারটি করে নাট থাকার কথা থাকলেও কোনো কোনো স্থানে রয়েছে দুটি, কোথাও তিনটি। অনেক জায়গায় নাট ক্ষয়ে গেছে। কিছু স্থানে কাপড় ও তার দিয়ে সেগুলো পেঁচিয়ে রাখা হয়েছে। একাধিক স্লিপারের হুকও খোলা অবস্থায় রয়েছে। রেললাইনের নিচে পাথরের পরিবর্তে কোথাও নামমাত্র বালু দেখা গেছে। কয়েকটি স্থানে লাইন ঝুলে থাকার মতো অবস্থায় রয়েছে। এ ছাড়া বনের ভেতরের ছোট-বড় ছয়টি সেতুর অবস্থাও নড়বড়ে বলে দেখা গেছে।
রেলপথের ত্রুটির পাশাপাশি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে পুরোনো ইঞ্জিন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট রুটে ব্যবহৃত ২৯০০ ও ২৬১০ সিরিজের ইঞ্জিনগুলোর বয়স ১৮ থেকে ১৯ বছর। লাউয়াছড়ার উঁচু-নিচু ও ঢালু পথ অতিক্রমের সময় এসব ইঞ্জিনের সক্ষমতা কমে যায়। ফলে অনেক সময় মাঝপথেই ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে।
এর সাম্প্রতিক উদাহরণ ১ ও ২ অক্টোবরের ঘটনা। ১ অক্টোবর রাতে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরদিন ২ অক্টোবর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগেও চলতি বছরের বিভিন্ন সময়ে উপবন ও কালনী এক্সপ্রেস বনের ভেতরে আটকা পড়েছিল। কোনো কোনো ঘটনায় যাত্রীদের পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
রেলপথের বিভিন্ন স্থানে ত্রুটি এবং ট্রেন চলাচলে বারবার বিঘ্ন ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাকে গুরুত্ব দিতে চান না রেলওয়ের কিছু কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, লাইনের কিছু অংশে সাময়িক সমস্যা বা ত্রুটি থাকলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই।
তবে রেলওয়ে সূত্র বলছে, পাহাড়ি ঢাল অতিক্রম করতে হলে ভালো সক্ষমতার ইঞ্জিন প্রয়োজন। পুরোনো ইঞ্জিনের সঙ্গে অতিরিক্ত বগির চাপ যুক্ত হওয়ায় এ পথে ট্রেন বিকলের ঘটনা বাড়ছে।
রেলওয়ের শ্রীমঙ্গলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ বলেন, লাউয়াছড়া বনের ভেতরে উঁচু টিলা থাকায় ট্রেন ধীরগতিতে চালাতে হয়। তাঁদের পক্ষ থেকে নিয়মিত রেললাইনে কাজ করা হয়।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, দেশে চাহিদার তুলনায় ট্রেনের ইঞ্জিনের সংকট রয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
অতিরিক্ত মহাপরিচালক (রোলিংস্টক) ফকির মো. মহিউদ্দীন বলেন, নতুন ইঞ্জিনের অভাবে পুরোনো ইঞ্জিন দিয়েই ট্রেন পরিচালনা করতে হচ্ছে। এতে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পুরোনো ইঞ্জিন দিয়ে যথাযথ গতি পাওয়া যাচ্ছে না। এ কারণে চলন্ত অবস্থায় ইঞ্জিন অকেজো হয়ে পড়ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নতুন ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে সিলেট-আখাউড়া রেলপথ আধুনিকায়নের পরিকল্পনাও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ২০১৯ সালে আখাউড়া-সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের জন্য ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নেই।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








