মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সিলেটে এক মাসে ৬৫১ আসামি গ্রেফতার, উদ্ধার ৮২ লাখ টাকার চোরাচালান পণ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৪:২৭:২০ অপরাহ্ন

সিলেটে এক মাসে ৬৫১ আসামি গ্রেফতার, উদ্ধার ৮২ লাখ টাকার চোরাচালান পণ্য


সিলেট মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ধারাবাহিক অভিযানে এক মাসে গ্রেফতার হয়েছেন ৬৫১ জন আসামি। নগরীর ছয়টি থানার আওতাধীন এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য, যার আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে বিভিন্ন অভিযান ও বিশেষ কার্যক্রমে এসব আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলায় ১৯৫ জন, ওয়ারেন্ট তামিলের মাধ্যমে ১১৮ জন এবং প্রসিকিউশন দাখিলের মাধ্যমে ২৭১ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন অভিযান, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা ও বিশেষ কার্যক্রম মিলিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে।

অভিযান চলাকালে পুলিশ ৫৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৮ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯৪ বোতল বিদেশি মদ, ৪০ বোতল কোডেন পোস পেইড সিরাপ এবং ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করেছে।

মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫ হাজার ৮২২ কেজি টমেটো, ৩০৩ পিস কম্বল, ২৯ পিস শাড়ি, ৬৪০ প্যাকেট ওয়েফার, ৪৭৪টি রেড ব্লু এনার্জি ড্রিংকস, ১৯০টি বয়াম হরলিক্স, ৩০০ প্যাকেট লবণ, ২ বস্তা সাইট্রিক অ্যাসিড, ২ কার্টন ফেসওয়াশ, ৩০ কার্টন সিরাম, ১০ কার্টন ফেসক্রিম, ১৫০ বোতল তেল, ৪০ বক্স চকলেট, ৩০ প্যাকেট কিসমিস, ৪০ পিস সাবান, ৮০ পিস রাইস ফেসওয়াশ, ৩০০ কেজি জিরা, ২ হাজার ৬৪০ পিস জুস, ৬২০ প্যাকেট ফুচকা এবং ৫ হাজার ৮৫০টি মেন্টস রোল।

পুলিশের হিসাব অনুযায়ী, এসব উদ্ধার করা চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।

সিলেট মহানগরীতে অপরাধ দমন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর