সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর ওপর সোয়া চার কোটি টাকা ব্যয়ে নির্মিত আলীপুর-টেংরাটিলা ব্রিজের কাজ প্রায় পাঁচ বছরেও পুরোপুরি শেষ হয়নি। মূল কাঠামো নির্মাণ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় ঝুঁকি নিয়ে স্টিলের মই ও পাটাতন বেয়ে ব্রিজ পারাপার হচ্ছেন ১০ গ্রামের হাজারো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ যাত্রীদের।
জনসাধারণের যাতায়াত সহজ করতে নির্মাণ করা হয়েছিল ব্রিজটি। কিন্তু দীর্ঘদিনেও সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর সেই প্রত্যাশা এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশে নিরাপদে ওঠানামার ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, খাসিয়ামারা নদীর ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা ও নানা অনিয়মের অভিযোগে কাজটি দীর্ঘসূত্রতায় পড়ে।
গত আগস্টের শেষদিকে ব্রিজের মূল কাঠামোসহ অন্যান্য কাজ শেষ হলেও এখনো বাকি রয়েছে দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি পুরোপুরি ব্যবহার উপযোগী হয়ে উঠতে পারেনি।
সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয় ও আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ব্রিজ। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরগামী ১০ গ্রামের হাজারো মানুষ এটি ব্যবহার করেন। কিন্তু সংযোগ সড়ক না থাকায় স্টিলের মই বেয়ে ব্রিজে উঠতে এবং অপর প্রান্তে পাটাতন দিয়ে নামতে হচ্ছে তাঁদের।
স্থানীয় আলীপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, ব্রিজটি মানুষের সুফলের বদলে এখন বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকি নিয়ে স্টিলের মই বেয়ে ব্রিজে উঠতে হয়। অপর প্রান্তে পাটাতন দিয়ে নিচে নামতে হয়। এভাবে চলাচল করতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ব্যবসায়ী সজীব আহমেদ বলেন, ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হওয়া খুবই কঠিন। ঠিকাদারের উদাসীনতায় সংযোগ সড়কের কাজ ঝুলে আছে। তাঁদের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই।
সিএনজিচালিত অটোরিকশাচালক ফাইজুল মিয়া বলেন, সংযোগ সড়ক না থাকায় তাঁরা গাড়ি নিয়ে ব্রিজ পারাপার হতে পারছেন না। এতে যাত্রী ও চালক উভয়কেই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তবে কাজের ধীরগতির অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার শংকর বাবু। তিনি বলেন, ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে সমন্বয় করে দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে তাঁর মধ্যস্থতায় ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের জন্য ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদসহ শ্রমিকদের নয় লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। কিন্তু ঠিকাদার নিয়মিত বিল পরিশোধ না করে পাঁচ মাসের মাথায় আংশিক বিল দিয়েছেন। এখন শ্রমিকেরা অগ্রিম দুই লাখ টাকা দাবি করছেন। এতে রাজি না হওয়ায় পশ্চিম পাশের কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, সংযোগ সড়কের কাজ বন্ধ থাকার বিষয়টি তিনি অবগত হয়েছেন। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই মাটি ভরাটের কাজ শুরু হবে।
প্রায় পাঁচ বছর ধরে চলা নির্মাণকাজের পরও সংযোগ সড়ক না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তাঁদের দাবি, আর আশ্বাস নয়, দ্রুত দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি পুরোপুরি চলাচলের উপযোগী করা হোক। অন্যথায় জনসাধারণের সুবিধার জন্য নির্মিত এই ব্রিজ থেকেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে।
আজকের সিলেট/ জেকেএস
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








