কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগ সামনে আনেন তিনি। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তাঁর ফেসবুক পেজে একই দাবি করেছেন।
দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।
ঘটনার বিষয়ে জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা এবং একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এভাবে পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তালহা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িই যদি এমন হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে কুষ্টিয়াসহ সারাদেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তালহা বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয়।
আজকের সিলেট/ জেকেএস









