বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী সুনামগঞ্জে চালু হওয়া তিনটি বর্ডার হাট এখন অনেকটাই জনশূন্য। একসময় সপ্তাহের নির্দিষ্ট দিনে এসব হাটে দুই দেশের ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা। স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি, ফলমূলসহ নানা পণ্যের বেচাকেনা হতো জমজমাট। কিন্তু প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে হাটগুলোর কার্যক্রম। ফলে সীমান্তের দুই পাড়ের মানুষের মধ্যে তৈরি হয়েছে হতাশা। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের দাবি, দুই দেশের আলোচনার মাধ্যমে দ্রুত আবার চালু করা হোক সীমান্ত হাটগুলো।
সুনামগঞ্জের ডলুরা সীমান্তে প্রথম বর্ডার হাটের যাত্রা শুরু হয় ২০১২ সালের ২৪ এপ্রিল। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এবং ভারতের মেঘালয় রাজ্যের বালাট সীমান্তে এই হাটটি অবস্থিত। এরপর ২০২২ সালের ১২ মে জেলার দ্বিতীয় সীমান্ত হাট চালু হয়। দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি ও ভারতের মেঘালয়ের রিংকু সীমান্তে স্থাপন করা হয় এটি।
সর্বশেষ ২০২৩ সালের ২৪ মে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় (শহীদাবাদ) এবং ভারতের মেঘালয় রাজ্যের নালিকাটা সীমান্তে তৃতীয় বর্ডার হাটের উদ্বোধন করা হয়। করোনা মহামারির সময় সাময়িকভাবে বন্ধ থাকলেও পরবর্তী সময়ে হাটগুলোর কার্যক্রম আবার শুরু হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে তিনটি সীমান্ত হাটের কার্যক্রম।
সম্প্রতি সুনামগঞ্জ সদরের ডলুরা ও দোয়ারাবাজারের বাগানবাড়ি বর্ডার হাট ঘুরে দেখা গেছে, পাহাড়ি এলাকায় হাটের টিনশেড স্থাপনাগুলো এখনো রয়েছে। তবে ক্রেতা-বিক্রেতার আনাগোনা নেই। প্রতিটি হাটে বাংলাদেশ ও ভারতের ২৫ জন করে মোট ৫০ জন কার্ডধারী স্থানীয় বাসিন্দার ব্যবসা করার সুযোগ ছিল।
এসব হাটে স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা, বনজ সম্পদ, কুটিরশিল্পের পণ্য, কৃষিজাত যন্ত্রপাতি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী ও গৃহস্থালির বিভিন্ন সামগ্রী কেনাবেচা হতো। দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা নির্দিষ্ট দিনে হাটে এসে এসব পণ্য কেনাবেচা করতেন।
বাগানবাড়ি বর্ডার হাটের বাংলাদেশ অংশের প্রবেশদ্বার এখনো তালাবদ্ধ। তবে হাটের আশপাশে কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে স্থানীয় কিশোরদের ফুটবল খেলতে দেখা যায়। একসময় যে জায়গাটি দুই দেশের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল, সেখানে এখন নীরবতা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ডার হাট শুধু পণ্য কেনাবেচার জায়গা ছিল না; এটি সীমান্তবর্তী মানুষের জীবিকা ও স্থানীয় অর্থনীতির সঙ্গেও জড়িয়ে গিয়েছিল। হাট চালু থাকায় কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্যের ভালো দাম পেতেন। পাশাপাশি পরিবহন, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত অনেক মানুষের আয়ের সুযোগ তৈরি হয়েছিল।
ডলুরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাধনা বেগম বলেন, ‘আমরার মাইনষে সবজি-সাবজাসহ অনেক কিছুই বেচত। ভারতের মানুষে বিভিন্ন জিনিস নিয়া আইত। এই সব মালামাল কম দামে কিনতে পারতাম আমরা। এই বাজারটা চালু হইলে ভালা।’
একই গ্রামের আফতাব উদ্দিন ও মহরম আলী জানান, বর্ডার হাটে ভারতীয় বিভিন্ন পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যেত। অন্যদিকে স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি ভারতীয় ক্রেতাদের কাছে বিক্রি করে ভালো দাম পাওয়া যেত। অনেকেই ব্যবসার পাশাপাশি হাটে শ্রমিক হিসেবে কাজ করে আয়-রোজগার করতেন। হাটকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছিল।
তাঁরা বলেন, বর্ডার হাট বন্ধ থাকায় স্থানীয় মানুষ এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত হাটগুলো চালু করা হলে সীমান্তবর্তী এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, বর্ডার হাট সীমান্তবর্তী এলাকার মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছিল। এসব হাটে শুল্কমুক্ত পণ্য কেনাবেচার ব্যবস্থা ছিল। জেলার তিনটি হাটের মাধ্যমে কয়েক হাজার মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ আর নেই। স্থানীয় মানুষের স্বার্থে দ্রুত সীমান্ত হাটগুলো চালু করা প্রয়োজন।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, ‘হাটগুলো কোন পর্যায়ে আছে, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি। বর্ডার হাট চালু হবে এ রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা সরকারের সম্পূর্ণ নীতিগত সিদ্ধান্ত।’
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্ডার হাট একটি আন্তর্জাতিক বিষয়। এসব হাটের গুরুত্ব বিবেচনায় নিয়ে উচ্চপর্যায়ে পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনা চলছে। দেখা যাক, কী হয়।
সব মিলিয়ে সুনামগঞ্জের তিনটি সীমান্ত হাট আবার চালুর অপেক্ষায় রয়েছেন দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষ। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে বন্ধ থাকা হাটগুলো আবার চালু হবে। এতে স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি সীমান্ত এলাকার অর্থনীতিতেও নতুন গতি ফিরবে।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








