কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করার সময় পর্দায় মাউসের কার্সরের দিকে নিশ্চয়ই অনেকবার চোখ পড়েছে। ছোট্ট এই তীরচিহ্নটি সব সময় ডান দিকে সামান্য হেলানো অবস্থায় দেখা যায়। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কার্সরটি সোজা না হয়ে বাঁকানো কেন? এর পেছনে রয়েছে কয়েক দশক আগের প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং এক মজার ইতিহাস।
বর্তমানে কম্পিউটারের প্রায় সব অপারেটিং সিস্টেমেই মাউসের কার্সর বাঁকানো তীরচিহ্নের মতো দেখা যায়। অ্যাপল থেকে শুরু করে মাইক্রোসফটের উইন্ডোজ সবখানেই এই নকশার ব্যবহার রয়েছে। তবে শুরুতে কিন্তু কার্সর এমন ছিল না।
১৯৬৮ সালে কম্পিউটার প্রযুক্তির পথিকৃৎ ডগলাস এঙ্গেলবার্ট এক ঐতিহাসিক প্রদর্শনীতে প্রথমবারের মতো মাউস ব্যবহারের বিষয়টি তুলে ধরেন। সে সময় কম্পিউটারের পর্দায় মাউসের নির্দেশক হিসেবে দেখা যেত সোজা একটি তীরচিহ্ন। অর্থাৎ বর্তমানের মতো বাঁকানো ছিল না সেটি।
পরবর্তী সময়ে কম্পিউটারের পর্দায় কার্সর দেখানোর ক্ষেত্রে নতুন সমস্যার মুখে পড়েন প্রযুক্তিবিদরা। ১৯৭৩ সালে জেরক্স অল্টো কম্পিউটারে কার্সর প্রদর্শনের জন্য বরাদ্দ ছিল মাত্র ১৬ বাই ১৬ পিক্সেলের জায়গা। এত অল্প জায়গায় সোজা তীরচিহ্নকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা কঠিন হয়ে পড়ে।
মূলত পিক্সেলের সীমাবদ্ধতাই কার্সরের নকশা পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। সোজা তীরচিহ্নের দুই পাশের কিনারা ছোট ছোট পিক্সেলের কারণে অসমান ও ভাঙাচোরা দেখাত। ফলে পর্দায় কার্সরের প্রকৃত আকৃতি সহজে বোঝা যেত না।
এ সমস্যা সমাধানে তীরচিহ্নটিকে সামান্য বাঁদিকে হেলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রযুক্তিবিদরা। এতে তীরের একটি কিনারা উল্লম্বভাবে সোজা রাখা সম্ভব হয়, অন্য কিনারাটি তৈরি হয় ৪৫ ডিগ্রি কোণে। ফলে সীমিত পিক্সেল ব্যবহার করেও তীরচিহ্নটিকে আরও স্পষ্ট, সূচালো ও সহজে শনাক্তযোগ্য করে তোলা সম্ভব হয়।
১৯৮১ সালে জেরক্স তাদের স্টার কম্পিউটারে কার্সরের নকশা আবার সোজা করার চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত বাঁকানো তীরচিহ্নের নকশাই বেশি কার্যকর হিসেবে টিকে যায়।
পরবর্তী সময়ে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পর্দার রেজল্যুশন বেড়েছে, পিক্সেলের সীমাবদ্ধতাও অনেকটাই দূর হয়েছে। কিন্তু কার্সরের সেই পুরোনো নকশা আর পরিবর্তন করা হয়নি। অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানও একই নকশা গ্রহণ করায় এটি ধীরে ধীরে কম্পিউটারের সর্বজনীন বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।
অর্থাৎ, মাউসের কার্সর বাঁকানো থাকার পেছনে বিশেষ কোনো নান্দনিক পরিকল্পনা ছিল না। কয়েক দশক আগে কম পিক্সেলের পর্দায় তীরচিহ্নকে স্পষ্টভাবে দেখানোর জন্য নেওয়া একটি প্রযুক্তিগত সিদ্ধান্তই আজকের কম্পিউটারে স্থায়ী নকশা হিসেবে টিকে আছে।
আজকের সিলেট/ জেকেএস









