ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে তিনি জানান, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে। একই সঙ্গে ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বাড়িতে থাকা তার বাবা-মা।
ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, জনবিচ্ছিন্ন শেখ হাসিনার অনুসারীরা হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জুলাইপন্থি ছাত্র-জনতাকে দমিয়ে আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। পেট্রোলবোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা জনগণের ওপর প্রতিশোধ নিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, এ ধরনের চোরাগোপ্তা হামলা তাদের আন্দোলন থামাতে পারবে না, বরং লড়াই আরও দৃঢ় করবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজকের সিলেট/ জেকেএস









