সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৯৫ পিস ইয়াবা ও ৪০ বস্তা ভারতীয় আলু উদ্ধার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
অন্যদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন স্থানে যানবাহনে অভিযান চালায়। এ সময় আইন অমান্য করায় ৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৭টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে।
সিলেট মহানগরীতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
আজকের সিলেট/ জেকেএস









