রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

হিসাবরক্ষকদের পেশাগত স্ব-নিয়ন্ত্রণ গড়ে তোলার আহ্বান অর্থমন্ত্রীর

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন

হিসাবরক্ষকদের পেশাগত স্ব-নিয়ন্ত্রণ গড়ে তোলার আহ্বান অর্থমন্ত্রীর


ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে দেশের অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের (অডিটর) ওপর বাইরের কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের পরিবর্তে পেশাগত স্ব-নিয়ন্ত্রণ বা ‘সেলফ-রেগুলেশন’ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত শেষ পর্যায়ে বা শেষ অবলম্বন হিসেবে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল র‍্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যেকোনো প্রতিষ্ঠান বা সাংগঠনিক ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চাপিয়ে দেওয়া কিংবা জোর করে বাস্তবায়ন করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকরাই তাঁদের পেশাগত আচরণবিধি এবং নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাঁরা নিজেরাই স্ব-নিয়ন্ত্রণের চর্চা গড়ে তুললে এবং আইসিএবি একটি প্রতিষ্ঠান হিসেবে সেই সক্ষমতা অর্জন করতে পারলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হস্তক্ষেপের প্রয়োজন হবে না।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নত জাতি হিসেবে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দেশের হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাও বিকশিত হচ্ছে। এ অগ্রযাত্রায় হিসাবরক্ষকরা সামনের সারিতে এবং কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন। কারণ, তাঁদের তৈরি একটি আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং কর পরিশোধসহ অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে।

তিনি বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতিতে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও কমপ্লায়েন্সের সামগ্রিক ব্যবস্থাকে সচল, কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কঠোর মানদণ্ড অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করা অত্যন্ত জরুরি। কারণ, পুরস্কারের মাধ্যমে বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।

আইসিএবির চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া আইসিএবির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর