রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সরকার জনগণের আস্থা অর্জন করতে পারছে না: জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন

সরকার জনগণের আস্থা অর্জন করতে পারছে না: জামায়াত আমির


দেশের সামগ্রিক পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে, তবে এতে ভীত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য হলো, বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা জাতিকে আস্থায় আনতে পারছেন না। জনগণও তাঁদের ওপর আস্থা রাখছে না।’

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনটি সন্ধ্যা ৭টায় শেষ হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের পুরুষ ও মহিলা সদস্য এবং কেন্দ্রীয় মজলিশে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা।

জাতীয় ঐক্যের বিষয়ে জামায়াত আমির বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজন দেখা দিলে তাঁরা নীতিগতভাবে এর পক্ষে থাকবেন। তবে সেই ঐক্য হতে হবে জাতির স্বার্থকে সামনে রেখে। জামায়াত দলীয় অবস্থান থেকে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

দেশের অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশকে নিয়ে, বিশেষ করে তাঁদের আদর্শ ও ঈমানকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সংগঠনের দায়িত্বশীলদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং যথাযথ ভূমিকা পালন করতে হবে। জনগণ তাঁদের আদর্শ ও কর্মের কারণে ভালোবাসে—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয় সামর্থ্য ও নিজস্ব অবস্থান বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। এ লক্ষ্যে চব্বিশের জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তি, ব্যবসায়ীসহ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে দায়িত্বশীলদের যোগাযোগ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সমাজের সাধারণ মানুষও জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছেন এবং বিগত নির্বাচনে ভোট দিয়েছেন। এতে সংগঠনের চ্যালেঞ্জ বেড়েছে। তবে মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। দেশ ও জাতিকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

কেন্দ্রীয় মজলিশে শূরার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, এই মজলিশ গোটা বাংলাদেশের সংগঠনের প্রতিনিধিত্ব করে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণ করা আরও কঠিন হলেও সংগঠন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। এ জন্য দায়িত্বশীল ও জনশক্তির জ্ঞানচর্চার মাধ্যমে জ্ঞানের গভীরতা বাড়াতে হবে। ইলম বা জ্ঞানের বিষয়টি আল্লাহ তায়ালা সর্বপ্রথম তাঁর প্রিয় হাবিব রাসূল (সা.)-এর কাছে পৌঁছে দিয়েছেন। তাই একজন মুমিনের জীবনে জ্ঞানচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দায়িত্বশীল ও সংগঠনের জনশক্তিকে আল্লাহ ও রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের সব কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এ ক্ষেত্রে রিয়া বা প্রদর্শনেচ্ছা থেকে সংগঠন ও দায়িত্বশীলদের মুক্ত থাকতে হবে। কারণ, এটি অত্যন্ত বিপজ্জনক।

বর্তমান সমাজে অশিক্ষা, কুশিক্ষা ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসবের ভয়াবহ প্রভাব থেকে নিজেদের সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের যত্নশীল হতে হবে। সন্তানদের অধিকার যথাযথভাবে আদায়ের পাশাপাশি আল্লাহর সাহায্য ও রহমত কামনা করতে হবে।

দায়িত্বশীলদের আচরণ ও নৈতিকতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেককে বিনয়ী হতে হবে এবং সব ক্ষেত্রে ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করতে হবে। শত্রু হলেও সবার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে সংগঠনের সব পর্যায়ের জনশক্তিকে সতর্ক থাকতে হবে। কারণ, লেনদেন মানুষের চরিত্রের অর্ধেক। তাই এ বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর