সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, ‘আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।’
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী আমিন উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে দ্রুত বদলি করতে হবে। কারণ তিনি দুর্নীতিগ্রস্ত মানুষ। তাকে দ্রুত সময়ের মধ্যে বদলি না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এদিকে, অবরোধের কারণে যানজটে আটকে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সোহাগ মিয়া নামে এক যাত্রী বলেন, ‘প্রায় ১ ঘণ্টা যানজটে আটকে থাকার পর সিলেটের উদ্দেশে আবারও গাড়ি চলাচল শুরু হয়েছে। এখন যে কাজের জন্য যাচ্ছি, জানি না সেটা করতে পারব কি না।’
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যাতে তাদের দাবি বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
আজকের সিলেট/আই কে আর
সুনামগঞ্জ প্রতিনিধি 








