ফাইল ছবি।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ ২১ মে মঙ্গলবার। ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। সে হিসেবে রোববার দিন শেষে মধ্যরাতে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায়।
এই ধাপে সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণসহ রাতে-দিনে জমজমাট প্রচারণা চালিয়েছেন তারা। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা।
মঙ্গলবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য ওই সব উপজেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকছে।
এরই মধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২১ মে ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজকের সিলেট/বার্তা/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








