সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন গ্রামের আলকাছ মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এতে চারটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
জানা যায়, অগ্নিকাণ্ডের খব পেয়ে নিকটস্থ জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত একজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং অগ্নিকান্ডের বিষয়টি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








