শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’-কে সামনে রেখে পরিবেশ দিবস উদযাপন করা হয়।
বুধবার সকালে স্কুল হলরুমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আরএনডিএমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ ওএমআই।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনক দেববর্মা।
এসময় বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি হওয়া উচিত আমাদের দৈনন্দিন জীবনাচার, তাহলেই কেবল সম্ভব পরিবেশ সংরক্ষণ।
এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ভবিষ্যত প্রজন্মের স্বার্থে পরিবেশের ক্ষতি সাধন করব না। মনে রাখতে হবে এই ধরণি আমাদের মায়ের মতো। মা যেমন আমাদের যত্ন করেন, ঠিক তেমনি ভাবে এই ধরণি আমাদের যত্ন নিয়ে থাকে। তাই আমাদের আজ অঙ্গীকার করা দরকার আমরা আর পরিবেশ নষ্ট করব না, পরিবেশ সংরক্ষণে সর্বদা সচেতন থাকব এবং অন্যকেও সচেতন করব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরিবেশ দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আজকের সিলেট/ডি/এপি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








