ঐক্যবদ্ধভাবে কাজ করলে মডেল বালাগঞ্জ বিনির্মাণ সম্ভব : হাবিবুর রহমান এমপি
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:২৬ PM

ঐক্যবদ্ধভাবে কাজ করলে মডেল বালাগঞ্জ বিনির্মাণ সম্ভব : হাবিবুর রহমান এমপি

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ০৭:৩৯:০৪ AM

ঐক্যবদ্ধভাবে কাজ করলে মডেল বালাগঞ্জ বিনির্মাণ সম্ভব : হাবিবুর রহমান এমপি


সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সবাই দল-মতের উর্ধে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে মডেল বালাগঞ্জ উপজেলা বিনির্মাণ সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত পরিষদের প্রথমসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বালাগঞ্জের মানুষ নতুন পরিষদের উপর আস্থা রেখেছেন। আমি আশা রাখি এই পরিষদ জনগণের আস্থার প্রতিদান দিবেন। চলমান বন্যায় বালাগঞ্জের একটি মানুষও যেন অনাহারে দিন না কাটায়, সেদিকে খেয়াল রাখতে হবে৷ সরকার সবসময় জনগনের পাশে আছে। 

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনহার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সঞ্চালনায় সভায় বিদায়ী উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়া বলেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আমার উপর আস্তা রেখে উন্নয়নের জন্য আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আগামী ৫টি বছর আমার প্রতিশ্রুতি রক্ষাকল্পে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বালাগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে মানুষের সেই আস্তার মর্যাদা রাখতে চাই। আমার একার পক্ষে এই অবহেলিত উপজেলার উন্নয়ন করা সম্ভব নয়। তাই উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে আমার কাজে সহযোগিতা করার আহবান জানাই।

এদিকে, এর আগে বালাগঞ্জ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়ার কাছে উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় বিদায়ী চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর  বলেন, আমি আমার দীর্ঘ দিনের সহকর্মী আনহার মিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করলাম। আশা করছি তিনি বালাগঞ্জ বাসীর সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন।

সভাশেষে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর