ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পাহাড় ধসে বড় বাঁশঝাড় সড়কে পড়েছে। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, লাউয়াছড়ার সড়কে জানকিছড়া এলাকায় পাহাড় ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের দু পাশে আটকা পড়েছে যানবাহন।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার ওপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কিছু বাঁশ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ বড় বাঁশঝাড়টি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে।
আজকের সিলেট/ডি/এসটি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








