সিলেটে দলিল জালিয়াতি ও ভূমি আত্মসাত মামলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকসহ ২জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২০ আগস্ট) সিলেটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের (কানাইঘাট) সিআর ২৭৯/২০২৩ মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
কারাগারে যাওয়া আসামীরা হচ্ছেন- সিলেটের কানাইঘাট উপজেলার ধনমাইরমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলার জুলাই আগরচটি গ্রামের হাজী আইয়ুব আলীর পুত্র মো: আব্দুছ ছালাম ও তার বড় ভাই মো: আবু সাঈদ।
তাদের বিরুদ্ধে দলিল জালিয়াতি করে অন্যের ভূমি আত্মসাতের অভিযোগে এ মামলা হয়। মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালাত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
মো: আব্দুছ ছালাম পেশায় একজন সরকারী প্রাথমিক শিক্ষক হলেও তিনি জালিয়াত চক্রের মূল হোতা বলে এলাকাবাসীর অভিযোগ।
এ মামলা ছাড়াও দলিল জালিয়াতির অভিযোগে শিক্ষক আব্দুছ ছালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে আরো দুটি মামলা বিচারাধীন রয়েছে। জমি জালিয়াতির অপর একটি মামলায় তিনি আগেও গ্রেফতার হয়েছিলেন।
মামলাগুলো হচ্ছে- সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আমলী আদালতের (কানাইঘাট) সিআর মামলা নং-২৩/ ২০১৬ ও (কানাইঘাট) সিআর মামলা নং-২১৩/২০২৩। আদালত সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জালিয়াত শিক্ষক আব্দুছ ছালামকে জেলহাজতে প্রেরণ করায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
আদালতের সেরেস্তাদার (বেঞ্চ সহকারী) এ মামলায় আব্দুছ ছালাম ও তার ভাই আবু সাঈদকে জেলহাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/বার্তা/কে.আর
খলিলুর রহমান 








