মৌলভীবাজারে এবারের বন্যার পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি, জমির ফসল, গবাদি পশুসহ সবকিছু। এরই মধ্যে খাবার পানির সংকটও তীব্র হয়েছে। বৃষ্টিতে ভিজে, পানিতে ভেসে মানবেতর জীবনযাপন করছেন বানভাসি মানুষ। এসব বানভাসি মানুষের পাশে এরই মধ্যে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর তাই খুদে কণ্ঠশিল্পীরা গান গেয়ে বানভাসিদের পাশে দাঁড়াতে চায়।
রোববার সকালে মৌলভীবাজার সদরের চৌমোহনা চত্বরে গান গেয়ে বন্যাদুর্গত মানুষদের সহায়তা করার জন্য টাকা তুলছেন শহরের খুদে কণ্ঠশিল্পীরা।
কন্ঠশিল্পী ঐশী চাকলাদার বলেন, নিজেরা গান গেয়ে হাত পেতে যতটা সম্ভব মৌলভীবাজারের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে কাজ করবো। সংগৃহীত অর্থ নিজেদের উদ্যোগে ত্রাণ আকারে পৌঁছানো হবে বন্যাদুর্গত এলাকায়।
বানভাসিদের পাশে দাঁড়াতে নিজের দুই মেয়েকে এখানে নিয়ে আসেন সুব্রত সূত্রধর। তিনি বলেন, আমার ছোট দুই মেয়েকে নিয়ে এখানে এসেছি, তারাও দেশের গান গেয়ে বানভাসিদের পাশে দাঁড়াতে চায়।
শহরের বেশ কয়েকজন প্রবীণ জানান, খুদে শিল্পীদের এ আয়োজনে তার খুশি। কারণ, দেশের নানা সংকটে শিল্পীরা পাশে থাকছেন, বানভাসি মানুষের এ বিপর্যয়ে এমন কার্যক্রম সব মানুষকে সম্পৃক্ত করবে। তাদের আয়োজন বন্যার্ত মানুষের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।
এ কার্যক্রমের আয়োজক মীর ইউসুফ আলী বলেন, গত শনিবার আমার ফেইসবুকে আইডিতে লিখেছিলাম, আমার ছেলেমেয়েরা গান গেয়ে ত্রাণ সংগ্রহের জন্য চৌমোহনা চত্বরে দাঁড়াবো। এই স্ট্যাটাসের পর খুবই সাড়া পাই। আজ অর্ধশত শিল্পী ও তাদের অভিভাবকেরা যোগ দিয়েছেন।
তিনি জানান, বানভাসি মানুষের জন্য ব্যক্তি, রাজনৈতিক দল সংগঠন–ব্যবসায়ীরা নানাভাবে সহায়তা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। সাংস্কৃতিক মানুষ হিসেবে আমিও তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছি। এ জন্য জেলার শহরের কয়েকজন কণ্ঠশিল্পীদের নিয়ে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নেই, এতে সাড়াও পাচ্ছি।
আজকের সিলেট/ডি/এপি
মৌলভীবাজার প্রতিনিধি 








