নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির সভাপতি। সরকার পতনের চুড়ান্ত আন্দোলনের মাত্র ৫দিন আগে বিজয়ের চুড়ান্ত মুহুর্তে দলের নেতাকর্মীদের রেখে অবকাশ যাপনে চল যান কানাডায়। আর এমন পরিস্থিতিতে মহানগর বিএনপির আন্দোলনরত নেতার্মীদের পাশে শিসা ঢালা প্রাচীরের ন্যায় ঢাল হয়ে দাঁড়ান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। ফলশ্রুতিতে দল তাকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।
আওয়ামীলীগ সরকারের পতনের পর কানাডা থেকে দেশে ফিরেন নাসিম হোসাইন। ঢাকায় পৌঁছেই দলের কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে ধর্নাদেন নগর বিএনপির সভাপতির পদটি ফিরে পেতে। কিন্ত উল্টো গতকাল সোমবার দলটির হাইকমাণ্ড থেকে চিঠি দিয়ে মিফতাহ্ সিদ্দিকীকে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব চালিয়ে যাওয়ায় নির্দেশ দেয়া হয়।
সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ২০২৩ সালের ১০ মার্চ সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে নাসিম হোসাইন সভাপতি নির্বাচিত হলেও আদতে তিনি দলটির তৃণমূলের নেতাকর্মীদের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন নি। দলের নেতাকর্মীদের অবমূল্যায়ন, কর্মসূচিতে নেতাকর্মীদের কাছে টানতে না পারা, আমিত্ব জাহির করা ও বিভিন্ন সময়ে দম্ভোক্তির কারনে কার্যত তিনি নেতাকর্মীদের থেকে ছিটকে পড়েছেন। সর্বশেষ সরকার পতনের চুড়ান্ত আন্দোলনের সময়ে মাঠে থাকা দলটির নেতাকর্মীরা তার সাথে যোগাযোগ করতে পারেন নি। উল্টো তিনি বিদেশে গিয়ে অবকাশযাপন করেন। এসব কারনেই হয়তো বা তিনি আর সভাপতির দায়িত্ব নাও পেতে পারেন।
তবে নাসিম হোসাইনের ঘনিষ্ঠ সূত্রগুলি বলছে, তিনি সভাপতির দায়িত্ব ফিরে পেতে জোর লবিং অব্যাহত রেখেছেন। হয়তো বা তিনি আবারো স্বপদে ফিরতে পারেন।
তবে বিষয়টি নিয়ে সিলেট মহানগর বিএনপির শীর্ষ কোন নেতা কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, নাসিম হোসাইন বিদেশ চলে যাওয়ায় ১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে মিফতাহ সিদ্দিকীকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সপ্তাহ খানেক আগে নাসিম হোসাইন দেশে ফিরেছেন। তবে তাকে দায়িত্ব আর ফিরিয়ে দেওয়া হয়নি, মিফতাহ সিদ্দিকীকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজকের সিলেট/এমএমএইচআর/এসটি
এম.এম হোসেন রুবেল 








