শাহপরান যুবদলকর্মী বিলাল আহমদ মুন্সী (৩৫) খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামীকে আদালতে তোলার সময় হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ লোকজন বৃহস্পতিবার বিকেলে আদালত চত্বরে ওই তিন আসামীর উপর হামলা করেন। এর আগে বুধবার ওই তিন আসামীকে নরসিংদী থেকে গ্রেফতার করে পুলিশ। আসামী হলেন- সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, মহানগরীর শাহপরাণ বাহুবল এলাকার রাসেল আহমদ ও জাকির আহমদ।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের ৩ নম্বর আমলী আদালতের বিচারক ছগির আহমদের আদালতে তোলা হয় তিন আসামীকে। বিকেল সাড়ে ৩টার দিকে আসামীদের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই বিক্ষুব্ধ জনতা তাদের শরীরের স্পর্শকাতর স্থান ও মাথায় চড়, থাপ্পড় ও লাথি মারতে থাকেন। পরে পুলিশ দ্রুত আসামীদের আদালতের ভেতর নিয়ে যায়।
পুলিশ জানায়, হামলায় তিন আসামিই আহত হন। আদালতের কাজ শেষে আসামিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সন্ধ্যার পর রাসেল আহমদ ও জাকিরকে কারাগারে পাঠানো হয়। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রুনু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরান থানা-পুলিশ আসামিদের আদালতে নিয়ে যায়। সেখানে কিছু ব্যক্তি অতর্কিতে আসামিদের ওপর হামলা করে। পুলিশ প্রতিহত করার চেষ্টা করে। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হন।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








