রাষ্ট্রদ্রোহীতার মতো অপরাধে অভিযুক্ত বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ভারতের ভূখণ্ডে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকালে তারা বাংলাদেশগামী পণ্যবাহী গাড়ি আটকিয়ে দিচ্ছেন, এমনকি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রেবেশের চেষ্টা করছেন। ফলে বন্ধ হয়ে গেছে সিলেটের জকিগঞ্জ, সুতারকান্দি ও তামাবিল স্থলবন্দর। ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের এমন কর্মাণ্ডের এবং আগতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারী।
সংশ্লিষ্ট সূত্রমতে, বিগত দুই দিনে সিলেটর জকিগঞ্জ উপজেলার স্থলবন্দরের পাশ্ববর্তী ভারতের করিমগঞ্জ এবং বিয়ানীয়বাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দরের পাশ্ববর্তী ভারতীয় ভূখণ্ডের বাংলাদেশ বিরোদী বিক্ষোভ মিছিল করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বাংলাদেশগামী পণ্যবাহী গাড়ি আটকে দেন এবং বাংলাদেশের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেন। তবে ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর বাঁধার মূখে তারা বাংলাদেশের সীমান্তে আসতে পারেন নি। পরে তারা সিলেট জেলার জকিগঞ্জ ও সুতারকান্দি স্থলবন্দর এবং মৌলবীবাজার জেলার জুড়ি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের আমদানী রপ্তানী বন্ধ করে দেন।
বিয়ানীবাজারের সুতারকান্দি শুল্ক স্টেশনের কয়লা পাথর ব্যবসায়ী মেসার্স হুসাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কমর উদ্দিন চৌধুরী বলেন, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ (বর্তমান শ্রীভূমি) থেকে হিন্দু ঐক্যমঞ্চের নেতাকর্মীরা সুতারকান্দি স্থলবন্দরের ওপারে বিক্ষোভ করেছে, জানতে পারি। বিক্ষোভের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত আসে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও চিত্র দেখা যায়, গত রোববার কয়েকশ’ নেতাকর্মী মার্চ করে সুতারকান্দি সীমান্তের কাছাকাছি ওপারে চলে আসে। তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বাধার কারণে বিক্ষোভকারীরা সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত আসতে পারেনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, গত প্রায় ১৭ দিন থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বিভিন্ন কারনে কয়লা-পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে স্থবিরতা নেমে এসেছে শুল্ক বন্দরটিতে। বিশেষ করে এ কয়দিন আমদানি বন্ধ থাকায় সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের রাজস্ব আয়ে অন্যতম সিলেটের ব্যস্ততম তামাবিল স্থলবন্দর। কিন্তু গত ১৭ দিন ধরে নেই কোনো ব্যস্ততা। ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা কাদামাটি মিশ্রিত কয়লা-পাথর আমদানি বন্ধ রেখে প্রতিবাদ জানালেও ভ্রূক্ষেপ নেই কাস্টমস কর্মকর্তাদের। এতোদিন সুরাহার জন্য কাস্টম কর্তৃপক্ষ কোনো পদক্ষেপে যাননি। কিংবা ওয়েট স্কেলে কড়াকড়ি ওজন নির্ণয় জটিলতায় অবসান ঘটাননি। এরকম বিদ্যমান পরিস্থিতিতে স্থানীয় কয়েক শতাধিক বিনিয়োগকারী আমদানি বন্ধ রাখায় দিনে লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমদানিকারকরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।
তামাবিল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তানভির হোসেন জানান, আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে। ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রাখায় এমন পরিস্থিতি বিরাজ করছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
তবে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানী যথারীতি চালু রয়েছে।
এদিকে, সিলেট জেলার সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে সাম্প্রদায়ীক অস্থিরতাকে কেন্দ্র করে সিলেট সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারী বৃদ্ধি করেছে বিজিবি।
বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কামান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, পিএসসি আজকের সিলেটকে বলেছেন, সীমান্তে নজরদারী বাড়ানো হয়েছে।
অন্যদিকে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুর, বাংলাদেশের পতাকা অবমাননা সহ ভারত কর্তৃক সাম্প্রদায়ীক উষ্কানীর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বর (কোর্ট পয়েন্ট) থেকে বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আজকের সিলেট/এসটি
সাইফুর তালুকদার 








