দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র হাতে গোনা বাকি। প্রতিবারের মতো এবার কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগ করে দিলেও সিলেটের ৪ হাজারের বেশি বন্দিদের একজনও ভোট দিতে আগ্রহী নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া।
সূত্রে জানা যায়, কারাগারেই বন্দি সংখ্যা বাড়া-কমার মধ্য দিয়েই আছে। বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এ বর্তমানে বন্দি আছে প্রায় তিন হাজার জন। এর মধ্যে মহিলা ১১৭ জন ও পুরুষ ৪ হাজার ৮ জন বন্দি রয়েছেন। প্রতিবারের মতো এবারও কারাগারে আটক বন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদনের শেষ সময় ছিল ৩০ ডিসেম্বর। বিষয়টি কারা কর্তৃপক্ষ বন্দিদের জানালেও তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজি হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে কারাগারে কোনো বন্দি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেননি।
এর আগে এ বিষয়ে পরিপত্র জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে। এ বিষয়ে পরিপত্র জারি করেছিল ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।
সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া বলেন, ৪ হাজার ১২৫ জন বন্দি রয়েছেন। যারা ভোটার তাদের ভোট দেওয়ার ব্যবস্থাও আছে। কিছু নিয়মকানুন মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। আমরা কারাগারে বন্দিদের জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্য থেকে কেউ আবেদন করেননি। এ কারাগার থেকে কোন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে না।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








